দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
রাষ্ট্রে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ সবার। তাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মন্দিরের নেতাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। মন্দিরের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। পরে তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান—দেশের বিভিন্ন সংগ্রামে সব ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। হাজার বছর ধরে এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করছেন। ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবার জন্য কাজ করতে চায়। রংপুরের উন্নয়নে মহানগরের জন্য ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে তিনি সড়ক, সেতু, কালভার্ট, স্কুল-কলেজসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের উদ্যোগের কথা জানান।
হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সন্তানদের শিক্ষা, মানুষের স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভ্রান্তি ও ভেদাভেদ ভুলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮