দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনার মধ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, রাষ্ট্রপতির ‘অপসারণ’ হওয়া একটি ইতিবাচক খবর।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “রাষ্ট্রপতির বিষয়টি অনেক আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত ছিল। বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। সময়মতো উদ্যোগ নেওয়া হলে আজ এত আলোচনা-সমালোচনার অবকাশ থাকত না। অবশেষে ‘অপসারণ’ হচ্ছেন, এটা সুসংবাদ।”
এর আগে রাষ্ট্রপতির পদত্যাগ বা দায়িত্ব ছাড়ার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ও আলোচনা সামনে আসে। তবে রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা তখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত নির্ধারিত।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকার গঠনসহ বিভিন্ন সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮