নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে নিরীহ যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি মামলায় আদালতে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করায় রামু থানার এসআই কামাল হোসেনকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ অক্টোবর বিকেলে রামু চৌমুহনী চত্বরে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন সমাবেশের আয়োজন করে এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, সাড়ে ৩ মাস আগে জমি জমার বিরোধের জের ধরে জিটু বড়ুয়া ও তার বাবাকে কুপিয়ে জখম করা হয়। অথচ এই মামলার পলাতক আসামী খোকন বড়ুয়াকে গ্রেফতার না করে মিথ্যা চাঁদাবাজি মামলায় জিটু বড়ুয়ার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেন এসআই কামাল হোসেন। কোন অপরাধ না করেও মানহানীকর ও হয়রাণীমূলক এই মিথ্যা মামলায় জেল খাটছে জিটু বড়ুয়া। পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করা হলেও এসআই কামালের বিরুদ্ধে এখনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সহ সভাপতি রাজেন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক অর্পন বড়ুয়া, রামু উপজেলা প্রাক্তন ছাত্রদল ফোরামের সদস্য সচিব বিএনপি নেতা আতিকুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোছাইন মাহমুদ মাসুদ, ঐক্য-০৯ এর সংগঠক হোসনে মোবারক মিনার, ফতেখাঁরকুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নয়ন ও সহ সভাপতি আব্দুল ইয়াসির প্রমূখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮