নুর মুহাম্মদ, কক্সবাজার,
রামু উপজেলার চাকমারকুল ও ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ফাঁড়িখাল নদীতে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন এলাকার দুই শতাধিক কৃষক। এতে প্রায় ২০০ থেকে ২৫০ জন কৃষকের ধানী জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।
নদীর স্বাভাবিক পানি চলাচল বন্ধ থাকায় কৃষিজমিতে প্রয়োজনীয় পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে চলতি মৌসুমে ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা।
এ অবস্থায় ফাঁড়িখাল নদীর বাঁধ দ্রুত খুলে দিয়ে পানি চলাচল স্বাভাবিক করার দাবিতে বুধবার (২৭ আগস্ট) সকালে রামু উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নদীর পানি চলাচল বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে কৃষিজমিতে চাষাবাদে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। দ্রুত বাঁধ অপসারণ করে নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত না করা হলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।
পরে নদীর বাঁধ খুলে দিয়ে পানি চলাচল স্বাভাবিক এবং কৃষকদের চাষাবাদ নির্বিঘ্ন করার দাবিতে রামু উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
স্থানীয় কৃষকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে কৃষিজমিতে পানি চলাচল স্বাভাবিক হবে এবং কৃষকরা তাদের চাষাবাদ কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮