নুর মোহাম্মদ, রামু,
কক্সবাজারের খুরুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর মডেল থানার ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনু মেম্বারের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রামুর চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে শফিউল আলম (৩০) এবং কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা এলাকার মৃত হোসেনের ছেলে মো. ইসলাম (৪০)।
এসআরবি-১৫ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা, দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল ফোন, একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮