নুর মুহাম্মদ, কক্সবাজার:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারের রামু উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। আগামী ২১ মে পর্যন্ত চলবে এ মেলা।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি সারাদেশব্যাপী এ মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
রামু উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান বলেন,
“ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও জনবান্ধব হয়েছে। মানুষ যাতে ঘরে বসেই সহজে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। ভূমি অফিসে সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র রামু উপজেলা শাখার সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ এবং সাব-রেজিস্ট্রার সাহেদ হোসেন।
এসময় ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮