মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
রামপালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার-২৭ এপ্রিল-সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়-মোংলাগামী একটি রেজিঃ নং যশোর-ট ১১-৩৮০৬ ট্রাক পেছন দিক থেকে ইঞ্জিন-চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের রেজ্জাক মোল্লার ছেলে মো. সাইদ মোড়ল-৪৫-নামের এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত মো. আজাদ-৩৫-ও মো. মনি -৪৬-কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার বলেন-ভ্যান চাপা দেওয়া ট্রাকটিকে কাটাখালী হাইওয়ে থানা-পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ওই সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক চালক মো. সাফায়েত হোসেন-১৮-ও ট্রাক পুলিশ হেফাজতে আছে।

























