মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি,
খাগড়াছড়ির রামগড়ে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ৪০ পরিবারের বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৫টি এবং পৌরসভার পক্ষ থেকে ১৫টিসহ মোট ৪০টি ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার নগদ চেক দেওয়া হয়।
সহায়তা বিতরণকালে ওয়াদুদ ভূঁইয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। সরকারের পক্ষ থেকে দেওয়া এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও পুনর্নির্মাণে কিছুটা হলেও সহায়ক হবে। ভবিষ্যতেও দুর্গত ও অসহায় মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বি এম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও পুনর্নির্মাণে সরকারি এ সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা লাঘবে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮