মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি বিরোধের জের ধরে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে এক মুক্তিযোদ্ধার বাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার( ১৩ জুন) গভীর রাতে উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শরিফপুর ভাটের বাড়ির বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের বসতবাড়িতে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়,গভীর রাতে হঠাৎ বাড়িতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আগেই ঘরের আসবাবপত্র, মূল্যবান মালামাল, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং বসতঘর সম্পূর্ণ রুপে ভষ্মিভূত হয়ে যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা ও সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে সম্পত্তি নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন আবু তাহের।
আবু তাহের বলেন, “স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। কিন্তু আজ জীবনের শেষ প্রান্তে এসে নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি। সালিশ বৈঠকে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছিল। এরপরই আমার বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।
এ রির্পোট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচারের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন ঘটনাটি শুনেছি তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮