স্পোর্টস রিপোর্ট,
স্বপ্ন, সাহস আর লড়াইয়ের এক অনন্য গল্প লিখল সিলেটের মেয়েরা। ব্যাট-বলের রোমাঞ্চকর লড়াইয়ে রাজশাহী বিভাগকে হারিয়ে ১৫তম নারী জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিলেট বিভাগ। কক্সবাজারের মাঠে সোমবার (১৬ নভেম্বর) ২৮তম ম্যাচে ৩ উইকেটের জয় তুলে নিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে সিলেটের ক্রিকেটাররা।
শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে টস ভাগ্য সহায় হয় সিলেটের। টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় দলটি। অধিনায়ক সুলতানা খাতুনের নেতৃত্বে শিবানী রানী সামলান উইকেটকিপারের দায়িত্ব। শুরু থেকেই জয় ছিনিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামে সিলেটের মেয়েরা। শেষ পর্যন্ত সেই প্রত্যয়ের প্রতিফলন ঘটে কাঙ্ক্ষিত জয়ে।
দলের জয়ের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেন আয়শা আক্তার জুনিয়র। ম্যাচজুড়ে নিজের পারফরম্যান্সের স্বাক্ষর রেখে তিনি নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ।
সিলেটের এই শিরোপা জয়ের অভিযানে ছিলেন শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার সুবর্ণা, আয়শা আক্তার (জুনিয়র), সুমি আক্তার, হেপি আলম, অদ্রিতা নওয়াশির, সামিহা আক্তার, নুসরাত জাহান, কুলসুমা আক্তার, আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা, রাবেয়া খাতুন, খুকুমনি ও মরজিনা আক্তার মিম। দলের ব্যবস্থাপনায় ছিলেন টিম ম্যানেজার সেলীনা আক্তার চৌধুরী।
অন্যদিকে রাজশাহী বিভাগের নেতৃত্বে ছিলেন শারমিন সুলতানা। সহ-অধিনায়ক ও উইকেটকিপারের দায়িত্ব পালন করেন ফারজানা আক্তার লিসা। রাজশাহীর হয়ে মাঠে ছিলেন রিতু মনি, সাথি রানি বর্মন, আনিসা আক্তার শোভা, ফোয়ারা বেগম, লেকি চাকমা, জান্নাতুল ফেরদৌস ইশা, তিথি দাস অর্পনা, শিরিনা খাতুন, মিম খাতুন, বৃষ্টি দাস, মাসুমা খাতুন শাপলা, রুমানা আহমেদ (জুনিয়র), মেঘলা আক্তার ও মাহেরি শরাফত শুকরিয়া। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মঞ্জুর রহমান।
এই জয় কেবল একটি ম্যাচের জয় নয়, এটি সিলেটের নারী ক্রিকেটারদের পরিশ্রম, আত্মবিশ্বাস ও স্বপ্নপূরণের এক উজ্জ্বল অধ্যায়। ব্যাট-বলের লড়াই পেরিয়ে শিরোপার মঞ্চে উঠে সিলেটের মেয়েরা আবারও প্রমাণ করল, সুযোগ ও প্রত্যয় পেলে তারাও পারেন সাফল্যের নতুন ইতিহাস রচনা করতে।
১৫তম নারী জাতীয় ক্রিকেট লিগের শিরোপা এখন সিলেটের ঘরে। বিজয়ের এই আনন্দে গর্বিত সিলেটের ক্রীড়াঙ্গন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮