
রাশেদ আহমদ, রাজনগর (মৌলভীবাজার),
মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন ভূমি কার্যালয়ের পেছনে একটি কাঁঠালগাছের ডালে ঝুলন্ত অবস্থায় পিন্টু কর (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও পরিচিতজনদের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। পুলিশের প্রাথমিক ধারণা, ঋণের চাপ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পশ্চিম কদমহাটা ইউনিয়ন ভূমি কার্যালয়ের বাথরুমের পেছনে পানির ট্যাংকের পাশে একটি কাঁঠালগাছের ডালে পিন্টুর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পিন্টু কর উপজেলার মনসুরনগর ইউনিয়নের হাসানপুর গ্রামের সুকেন্দ্র করের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর দুই বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। তিনি মৌলভীবাজারের চাঁদনীঘাট এলাকার শাহজালাল বেকারিতে কাজ করতেন। ভ্যানযোগে বিভিন্ন স্থানে বেকারির পণ্য বিক্রি করতেন তিনি।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় পিন্টুর পরনে শার্ট ও লম্বা প্যান্ট ছিল। তাঁর প্যান্টের ভেতরে একটি বন্ধ মুঠোফোন পাওয়া যায়।
পিন্টুর বোনের জামাই অনু কর বলেন, তাঁকে হাঁটু গেড়ে বসা অবস্থায় গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ডও হতে পারে বলে সন্দেহ প্রকাশ করে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।
পিন্টুর ফুফাতো ভাই উজ্জ্বল কর বলেন, পিন্টু ভালো স্বভাবের মানুষ ছিলেন। পরিবারের কারও সঙ্গে তাঁর ঝগড়াবিবাদ ছিল না। আত্মহত্যা করার মতো কোনো কারণ তাঁদের জানা নেই। কারও সঙ্গে তাঁর শত্রুতাও ছিল না। তাঁরা ঘটনার সঠিক তদন্ত চান।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের বলেন, পিন্টু গত কয়েক দিনে পরিবারের সদস্য ও পরিচিত কয়েকজনের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সোমবার রাত ৯টার দিকে তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা মুঠোফোনে কল করলেও তিনি সাড়া দেননি। বিভিন্ন আলামত থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮