
মিরপুর (ঢাকা) প্রতিনিধি,
রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে এসে সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার থেকে পাঁচজন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের লাভ রোড–মন্দির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
নিহত নাছিমা বেগম মিরপুর-২-এর জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ডাব বিক্রেতা শাকিব জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে অনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই পাশের সীমানা প্রাচীরটি ধসে পড়ে। এতে কয়েকজন চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়।
নিহতের স্বজন তারেক বলেন, নাছিমা তাদের পাশের বাসার বাসিন্দা ছিলেন। দেয়াল ধসের ঘটনায় ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।
ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের পুলিশ সুপার মোস্তাক সরকার জানান, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮