ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে দিনাজপুরের হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই মুদি দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারে এ অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা। অভিযানে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শিত হয়েছে কিনা তা যাচাই করা হয়।
হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা,অশোক বিক্রম চাকমা বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। তাই প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। সকল ব্যবসায়ীকে পণ্যের সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বাজারে অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা আশা প্রকাশ করেছেন, নিয়মিত তদারকি থাকলে ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য আদায় করতে পারবেন না এবং বাজারে স্বাভাবিকতা ফিরে আসবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮