স্পোর্টস ডেস্ক,
স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার দ্বিতীয় প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। ৫১ দশমিক ৩ মিলিয়ন পাউন্ডের সঙ্গে আরও ৫ মিলিয়ন পাউন্ড অ্যাড-অন মিলিয়ে মোট ৫৬ দশমিক ৩ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল কাতালান ক্লাবটি। তবে সেটিকে সরাসরি ‘অগ্রহণযোগ্য’ বলে ফিরিয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি।
এর আগে বার্সেলোনার প্রথম প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল সিটি। দ্বিতীয় প্রস্তাবের পর ধারণা করা হয়েছিল, এবার হয়তো রদ্রির দলবদলের পথ খুলবে। কিন্তু নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে ম্যানচেস্টার সিটি জানিয়েছে, এই মিডফিল্ডারকে পেতে হলে বার্সেলোনাকে অন্তত ৭০ মিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হবে।
এখন বার্সেলোনা নতুন করে আরও বড় অঙ্কের প্রস্তাব দেয় কি না, নাকি রদ্রির ভবিষ্যৎ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে অপেক্ষা করে—সেটিই দেখার বিষয়।
ম্যানচেস্টার সিটির মাঝমাঠে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রদ্রি। তার সময়ে ক্লাবটি চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। ২০২২-২৩ মৌসুমে সিটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনেও বড় অবদান ছিল এই স্প্যানিশ মিডফিল্ডারের।
তবে আগামী বছরের জুনে সিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। নতুন চুক্তিতে তিনি আগ্রহী নন বলেও জানা গেছে। ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বিক্রি করে ভালো অঙ্কের অর্থ তুলে নেওয়ার বিষয়টি সিটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
রদ্রি শেষ পর্যন্ত দল ছাড়লে তার জায়গা পূরণে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার পরিকল্পনা করছে ম্যানচেস্টার সিটি।
তবে ফার্নান্দেজকে ছাড়তে চেলসি ১২০ মিলিয়ন পাউন্ড মূল্য নির্ধারণ করেছে। এমনকি শুক্রবার বিকেল ৫টার মধ্যে এই অর্থ পরিশোধ করা হলেই কেবল ফার্নান্দেজকে ছাড়ার বিষয়টি বিবেচনা করবে বলে সিটিকে জানিয়েছে লন্ডনের ক্লাবটি।
ফলে রদ্রির সম্ভাব্য দলবদলকে ঘিরে এখন বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির পাশাপাশি চেলসির সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮