
চঞ্চল,
জমি নিয়ে পারিবারিক কলহ শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকার যুবক সুমনের (২৫)। আপন চাচাতো বোনের শাবলের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ ইতোমধ্যে নিহতের আপন চাচা ও এক বোনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকার আব্দুস সাত্তারের পরিবারের সাথে তাঁর ভাই আব্দুস সোবহানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি ও সামাজিক বিরোধ চলছিল। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে এই বিরোধ তুঙ্গে ওঠে এবং দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাগবিতণ্ডার এক পর্যায়ে সোবহানের মেয়ে রোজিনা বেগম লোহার শাবল দিয়ে সুমনের ওপর চড়াও হন।
গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ সময় অস্ত্রোপচার ও চিকিৎসার পর আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।
হত্যাকাণ্ডের ঘটনায় সুমনের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। এজাহারভুক্ত আসামি সুমনের চাচা আব্দুস সোবহান ও চাচাতো বোন রোজিনা বেগমকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
লালমনিরহাট সদর ওসি তদন্ত সজিব আহম্মেদ জানান, সুমনের মৃত্যুর পর ঘটনাটি হত্যা মামলায় মোড় নিয়েছে। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মূল অপরাধীদের আইনের আওতায় আনতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
























