রংপুর প্রতিনিধি,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সুধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তৎকালীন অন্তর্বর্তী সরকার জনগণ কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করেছে।
তিনি অভিযোগ করে বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে জনগণকে অন্ধকারে রাখা হয়েছে। এ ধরনের চুক্তি জাতীয় সংসদে আলোচনা হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদ হবে রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের কেন্দ্রবিন্দু। সেখানে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, কর্মসংস্থান, শিল্পোন্নয়ন ও জনগণের স্বার্থ নিয়ে অর্থবহ আলোচনা হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, অতীতে সংসদে অশালীন ভাষা, গালিগালাজ ও চরিত্রহননের সংস্কৃতি দেখা গেছে। বর্তমান সংসদে সেই সংস্কৃতি পুরোপুরি বন্ধ না হলেও আগের তুলনায় কমেছে বলে মন্তব্য করেন তিনি।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ভালো কাজ করলে সরকারকে সমর্থন দেওয়া হবে, আর জনগণের স্বার্থবিরোধী কাজ হলে বিরোধিতা করা হবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি দাবি করেন, সংসদে আলোচনার উদ্যোগ নেওয়ার পর সরকার সংকট মোকাবিলায় পদক্ষেপ নিতে বাধ্য হয় এবং পরিস্থিতির উন্নতি ঘটে।
স্থানীয় সরকার ও প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে এবং বিভিন্ন জেলায় দলীয় লোকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।
তিস্তা ইস্যুতেও বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পদ্মা ব্যারাজের সিদ্ধান্তকে স্বাগত জানালেও তিস্তাপারের মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো উন্নয়ন মেনে নেওয়া হবে না।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। শেষে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের নাম মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮