চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে রেলপথে যাতায়াত আরও সহজ করা এবং যাত্রীসেবা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম–নাজিরহাট রুটে নতুন করে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
নতুন চালু হওয়া চারটি ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে সাতটি করে কোচ সংযুক্ত করা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ রয়েছে।
পাঁচটি শোভন কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন এবং এসএলআর কোচে আরও ৩৪টি আসন থাকবে। ফলে প্রতিটি ট্রেনে যাত্রীদের জন্য মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ৩৩৪টি।
চারটি ট্রেনের সময়সূচি
রেলওয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, নাজিরহাট থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে নাজিরহাট—উভয় দিকেই ট্রেন চলাচল করবে দিনে দুইবার।
ট্রেন নম্বর ২২২: নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে।
ট্রেন নম্বর ২২১: চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।
ট্রেন নম্বর ২২৪: নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে।
ট্রেন নম্বর ২২৩: চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।
নতুন ট্রেন চালুর পাশাপাশি এ রুটে যাতায়াতের ভাড়াও বাড়ানো হয়েছে। আগে যেখানে ভাড়া ছিল ১২ টাকা, এখন তা নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। রেলওয়ে কর্মকর্তাদের ধারণা, নতুন ট্রেন চালুর ফলে যাত্রীসেবার পরিধি বাড়ার পাশাপাশি রেলের আয়ও বৃদ্ধি পাবে।
তবে নতুন ট্রেন চালুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না এ রুটের যাত্রীরা। তাঁদের দাবি, নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার ।
যাত্রীদের মতে, এ পথে রেল যোগাযোগ সম্প্রসারিত হলে ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সীমান্তবর্তী অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮