নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়। লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল চেকপোস্টে টহল ও তল্লাশি জোরদার করে।
এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে চালক মো. জসিম (৩৫) ও আরোহী মো. আলমগীরকে (৪৯) জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে মোটরসাইকেলটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে তেলের ট্যাংকির ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মো. জসিম চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আন্দার মানিক আওয়ালাপাড়া এলাকার মো. মোজার মিয়ার ছেলে। অপর আটক মো. আলমগীর একই এলাকার মৃত ফয়জুল আহমদের ছেলে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে রামু ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮