স্পোর্টস ডেস্ক,
ফুটবল মাঠে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু মাঠের বাইরে লিওনেল মেসির সঙ্গে সম্পর্কটা যে বেশ ভালো, এবার সেই গল্পই শোনালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানান, দীর্ঘদিন ব্যালন ডি’অর অনুষ্ঠানে একসঙ্গে সময় কাটাতে গিয়ে মেসির সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে ‘দ্য অ্যাথলেটিক’।
রোনালদোর স্মৃতিচারণ অনুযায়ী, ইংরেজিতে মেসির কিছুটা দুর্বলতা থাকায় কয়েকবার তাঁকে অনুবাদকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল। অনুষ্ঠানের উপস্থাপক কী বলছেন কিংবা পরবর্তী সময়ে কী করতে হবে, সেসব বুঝিয়ে দিতেন তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে মজার কিছু মুহূর্তও তৈরি হয়েছিল।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো বলেন, তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধার অভাব ছিল না। দুজনই নিজ নিজ ক্লাব ও জাতীয় দলের হয়ে সাফল্য পেতে লড়েছেন। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা তাঁদের আরও ভালো খেলতে অনুপ্রাণিত করেছে।
দীর্ঘদিনের এই দ্বৈরথকে কিংবদন্তি ফর্মুলা ওয়ান চালক আয়রটন সেনা ও অ্যালেন প্রোস্টের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে তুলনা করেন রোনালদো। তাঁর মতে, এই লড়াই শুধু তাঁদের নিজেদের উন্নতিতেই ভূমিকা রাখেনি, ফুটবলপ্রেমীদেরও উপহার দিয়েছে স্মরণীয় এক অধ্যায়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮