স্পোর্টস ডেস্ক,
জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে প্রস্তুত আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ। তাকে বিদায় জানাতে স্টেডিয়ামে ৮৫ হাজারের বেশি দর্শকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
‘ওলে’র প্রতিবেদনে বলা হয়েছে, সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। বিদায়ী ম্যাচকে সামনে রেখে একাদশেও আসতে পারে বড় পরিবর্তন। দীর্ঘদিনের সতীর্থ জিওভানি লো সেলসো, রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দির মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও দেখা যেতে পারে শুরুর একাদশে।
বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আগের দুই ম্যাচে খেলেননি মেসি। তবে এই দুই ম্যাচে দারুণ ছন্দে ছিল আর্জেন্টিনা—বলিভিয়াকে ৪-০ এবং বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার জার্সিতে মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। ছয়টি বড় শিরোপা জয়ের পাশাপাশি জাতীয় দলের হয়ে করেছেন ১২৫ গোল। ২০০৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ বিশ্বকাপ—আর্জেন্টিনার হয়ে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে একের পর এক ঐতিহাসিক অর্জন।
অন্যদিকে সর্বশেষ ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী বেনিনও। তবে ম্যাচের সব আলো থাকবে মেসিকে ঘিরেই।
৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেনিন। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ৭ অক্টোবর ভোর ৫টায়। আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি—তাই ম্যাচটি হয়ে উঠতে যাচ্ছে বিশ্ব ফুটবলের এক মহাতারকার আবেগঘন বিদায়ের মঞ্চ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮