
স্পোর্টস ডেস্ক,
কলম্বাস ক্রুর কাছে ইন্টার মিয়ামির ৩-০ গোলের হার ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে লিওনেল মেসির লাল কার্ড না পাওয়ার ঘটনা। প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখ লক্ষ্য করে বল ছুড়ে মারার পরও মেসিকে শুধু হলুদ কার্ড দেখানোয় রেফারির সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
অনেকের মতে, এমন আচরণের জন্য সরাসরি লাল কার্ড দেখা উচিত ছিল আর্জেন্টাইন তারকার। তবে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন ম্যাচের রেফারি অ্যালেন চ্যাপম্যান।
এমএলএস কাপ প্লে-অফের শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে ঘটে ঘটনাটি। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে কলম্বাস ক্রুকে এগিয়ে দেন গঞ্জালো তাপিয়া। পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টার মিয়ামির রাইটব্যাক গঞ্জালো লুহান। ফলে একজন কম নিয়ে খেলতে হয় মিয়ামিকে।
বিরতির ঠিক আগে থ্রো-ইন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মেসি। এ সময় দ্রুত থ্রো-ইন নিতে তাকে বাধা দেন পাশে থাকা কলম্বাসের চিলিয়ান ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়া। একপর্যায়ে বল দিয়ে তাপিয়ার মুখে আঘাত করেন মেসি। পরে আবারও তার মুখ লক্ষ্য করে বল ছুড়ে মারেন আর্জেন্টাইন তারকা।
এ ঘটনায় মাঠে উত্তেজনা ছড়ালেও মেসিকে শুধু হলুদ কার্ড দেখান রেফারি অ্যালেন চ্যাপম্যান। তার বিবেচনায়, মেসির আচরণ সরাসরি লাল কার্ড দেখানোর মতো গুরুতর ছিল না।
ম্যাচ শেষে সিদ্ধান্তটির সমালোচনা করেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কোর্তোয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সবাই জানে, সে হলুদ কার্ডের চেয়ে বেশি কিছু পাওয়ার যোগ্য ছিল। বিষয়টি সত্যিই হতাশাজনক।’
তবে মেসিকে কেন লাল কার্ড দেখানো হয়নি, তার ব্যাখ্যা দিয়েছেন রেফারি চ্যাপম্যান। পুল রিপোর্টারকে তিনি জানান, মেসির প্রয়োগ করা শারীরিক শক্তির মাত্রা খুবই কম ছিল। পাশাপাশি ঘটনাটিকে সহিংস আচরণ হিসেবে বিবেচনা করার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। তাই সরাসরি লাল কার্ড দেখাননি তিনি।
অন্যদিকে ঘটনাটিকে স্বাভাবিকভাবেই দেখছেন তাপিয়া। সাংবাদিকদের তিনি জানান, ফুটবলে এমন পরিস্থিতি ঘটতেই পারে। বিষয়টি নিয়ে বাড়তি আলোচনার প্রয়োজন নেই বলেও মনে করেন কলম্বাসের এই ফরোয়ার্ড।
এদিকে দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন ইন্টার মিয়ামির কোচ কিলি গঞ্জালেজ। তার মতে, নিজেদের ভুলেই প্রতিপক্ষকে সুযোগ করে দিয়েছে দল। পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারলেও এই হার থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তিনি।
কোচের মতে, পরবর্তী ম্যাচে জয় পাওয়াই এখন দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, আবারও হারলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে ইন্টার মিয়ামিকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮