বিনোদন ডেস্ক,
নাটকের জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সহকর্মীর সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। বুবলী লিখেছেন, সোহেল খানের এমন আকস্মিক চলে যাওয়া মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী লেখেন, ‘মনে হচ্ছে, এই তো সেদিন ‘জংলি’ সিনেমার শুটিংয়ের ফাঁকে আপনার সঙ্গে কথা হলো।’
সেই সময়ের স্মৃতিচারণ করে অভিনেত্রী আরও লেখেন, ‘আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে কত মজার মজার স্মৃতি শেয়ার করলেন, গল্প করলেন, হাসালেন আমাদের! কিন্তু আপনার এভাবে হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে সোহেল ভাইয়া।’
পোস্টের শেষাংশে সোহেল খানের সঙ্গে কাজের সুযোগ পাওয়াকে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন বুবলী। তিনি লেখেন, ‘আপনার মতো একজন গুণী ও অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আপনার প্রাণবন্ত উপস্থিতি, সুন্দর কথা আর সেই মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন। পরপারে ভালো থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করছি।’
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে থাকা অবস্থায় মারা যান অভিনেতা সোহেল খান। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে তিনি সেখানে অবস্থান করছিলেন। শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮