এস এম রনি, স্টাফ রিপোর্টার,
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নূর আলম। এতে বক্তব্য দেন জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। অথচ একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাঁদের অভিযোগ, পিরোজপুরের মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের লোকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তাঁদের রুখতে পারবে না। তিনি এ ঘটনায় সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আয়াত আলী, জেলা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম, পাইকপাড়া ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন আহমেদ, সদর সদস্য সহকারী কমান্ডার আফজাল হোসেন, সদস্য আনোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা সফর উদ্দিন।
এছাড়া বন্দর উপজেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জসিম তোতা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ প্রায় ২৫ থেকে ৩০ জন মুক্তিযোদ্ধা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮