সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বসতঘর থেকে মা ও তাঁর চার বছর বয়সী কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী কনিকা আক্তার (২২) এবং তাঁদের চার বছর বয়সী মেয়ে রাজিয়া।
স্থানীয় ও পারিবারিকভাবে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব ও কনিকার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। গত বৃহস্পতিবার রাতে রাজীব বেড়ানোর উদ্দেশ্যে সিলেটে যান।
পরদিন শুক্রবার সকালে কনিকা তাঁর মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অভিযোগ রয়েছে, পথে শ্বশুর নাজিমউদ্দিন ও শাশুড়ি তাঁকে বাবার বাড়িতে যেতে বাধা দেন এবং জোরপূর্বক বাড়িতে ফিরিয়ে আনেন।
বাড়িতে ফিরে কনিকা সন্তানকে নিয়ে বসতঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশু রাজিয়ার আর্তচিৎকার শুনতে পান প্রতিবেশীরা। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকলে কনিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং একই ঘরের মেঝেতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু নিশ্চিত হওয়া যায়।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ-আল মামুন জানান, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং পুরো ঘটনাটি কীভাবে ঘটেছে, তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮