সীমান্ত দাস, মির্জাপুর উপজেলা প্রতিনিধি,
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মিলগেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টাঙ্গাইল জোন)। বুধবার (১৭ জুন, ২০২৬) সকাল ১১টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বেশ কয়েকজন গ্রাহককে কয়েক লক্ষ টাকা আর্থিক জরিমানা এবং একজনকে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গ্যাস রেগুলেটর জব্দ করা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গোড়াই মিলগেট ও নাজিরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। অভিযানের সময় ওই এলাকার বিপুল সংখ্যক অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মাটির নিচে থাকা অবৈধ পাইপলাইন তুলে নিয়ে যাওয়া হয়।
অভিযান চলাকালে উপস্থিত ম্যাজিস্ট্রেটের কাছে বেশ কয়েকজন সাধারণ গ্রাহক তাদের ভোগান্তির কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। গ্রাহকদের অভিযোগ, তারা সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে গ্যাস সংযোগের জন্য ব্যাংকে টাকা জমা দিয়েছিলেন এবং তাদের ফাইলও পাস হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বিগত সরকার নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে দেওয়ায় তারা বিপাকে পড়েন। টাকা জমা দিয়েও বছরের পর বছর তারা বৈধ সংযোগ পাননি।
ভুক্তভোগী গ্রাহকদের দাবি, অন্তত ২০১৪ সাল পর্যন্ত যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তাদের ফাইলগুলো বিবেচনা করে দ্রুত বৈধ সংযোগের ব্যবস্থা করা হোক। এতে করে যেমন অবৈধ সংযোগ ব্যবহারের প্রবণতা কমবে, তেমনি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব পাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে তিতাসের এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮