নিউজ ডেস্ক,
মিরপুর টেস্টে আবারও নিজের ঘূর্ণি জাদু দেখালেন Mehidy Hasan Miraz। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে তিনি তুলে নেন আরেকটি পাঁচ উইকেট—যার ফলে বাংলাদেশ পায় ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড।
৫৭ টেস্টে মাঠে নেমে এটি মিরাজের ১২তম পাঁচ বা তার বেশি উইকেট শিকারের কীর্তি। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বোলিং আক্রমণের মূল ভরসা হিসেবে।
২০১৬ সালের অক্টোবরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই আলোচনায় আসেন মিরাজ, প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। পরের ম্যাচে ঢাকায় একই প্রতিপক্ষের বিপক্ষে দুই ইনিংসেই ৬ উইকেট করে নিয়ে ম্যাচসেরা হন তিনি। সেই সিরিজে ১৯ উইকেট নিয়ে হন সিরিজসেরা, আর তার বোলিং নৈপুণ্যে সিরিজ ড্র করে বাংলাদেশ।
এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৫৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ২১০। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন—২টি সেঞ্চুরি ও ৯টি ফিফটিতে করেছেন ২,১৭৪ রান।
ওয়ানডেতে ১২০ ম্যাচে মিরাজ করেছেন ১,৮২৭ রান এবং নিয়েছেন ১২৯ উইকেট। টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে ৪১৮ রান ও ১৮ উইকেট রয়েছে তার নামের পাশে।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ২১১ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ৪,৪১৯ রান এবং শিকার করেছেন ৩৫৭ উইকেট। ধারাবাহিক এই অলরাউন্ড পারফরম্যান্সেই মিরাজ এখন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য তারকা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮