কাজল খান, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট, প্রিন্টার, স্ক্যানার, কাগজ, মোবাইল ফোন এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ জুলাই বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীন ইসলাম ঢালী (৩০) নামে এক ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আরও ২-৩ জন সহযোগী পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট, একটি কালার প্রিন্টার, দুটি স্ক্যানার, দুটি স্কেল, জাল টাকা তৈরিতে ব্যবহৃত বিশেষ কাগজ, একটি ভিভো (Vivo) ব্র্যান্ডের মোবাইল ফোন, প্রায় ৮৭০টি ডাবল এ (Double A) ব্র্যান্ডের এ-৪ সাইজের কাগজ এবং জাল নোট তৈরির অন্যান্য সরঞ্জাম।
র্যাব জানায়, জব্দ করা আলামত ও প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাল টাকা তৈরি ও বাজারজাত করণের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের অপরাধ সম্পর্কে কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮