কাজল খান,
মাদক ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক ধারায় গড়ে তোলার প্রত্যয়ে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আদিত্যপুর একতা যুব সংঘ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমজমাট ফাইনাল। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের লড়াকু মনোভাব আর গোলের টানটান উত্তেজনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। ফাইনালে পাঁচবাড়ি একাদশ ও ছাব্বিশবাড়ি একাদশের মুখোমুখি লড়াইয়ে এক গোলের ব্যবধানে জয় তুলে নেয় পাঁচবাড়ি একাদশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর এলাকার শরিফ বাড়িসংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে ভিড় করতে থাকেন ফুটবলপ্রেমীরা। স্থানীয় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ।
কুনিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রিন্টু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ জলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন খান, বাদল চোকদার, কামরুল শরীফ, মনির শরীফ, সাইদুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে এম এ জলিল বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড এবং অলসতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি হলে তরুণেরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের সুযোগ পায়।”
তিনি আরও বলেন, আদিত্যপুর একতা যুব সংঘের এ উদ্যোগ যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মাঠজুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে পাঁচবাড়ি একাদশ। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথি ও আয়োজকেরা।
আয়োজকদের এ উদ্যোগ স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮