কাজল খান, স্টাফ রিপোর্টার,
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকায় একটি মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া উড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম অসুস্থতার কারণে গত পাঁচ দিন ধরে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ফলে ঘটনার সময় তিনি মসজিদে উপস্থিত ছিলেন না। ইমামের থাকার ঘরের চাবি মোয়াজ্জিনসহ মসজিদ কমিটির সদস্যদের কাছে রয়েছে বলে জানা গেছে।
তবে কে বা কারা ঘরের ভেতরে বিস্ফোরক রেখেছে এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনায় টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮