নুর মুহাম্মদ, কক্সবাজার,
গর্জনিয়ায় মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন রামু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে রামুর গর্জনিয়া ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা পুলিশের নির্দেশনায় পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে ওসি এ কে ফজলুল হক মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। মাদকের বড় বড় গডফাদাররা আর রেহাই পাবে না। তবে মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই জুয়েল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সহসভাপতি ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী এবং সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু।
সমাবেশে বক্তারা গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে মাদকের ভয়াবহতা তুলে ধরেন। বিশেষ করে ইয়াবা পাচারের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে ভবিষ্যতে ইয়াবা পাচার বন্ধে পুলিশের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে গর্জনিয়া ইউনিয়নের প্রধান সড়কে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ সময় গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ মুহিববুল্লাহ, ইউপি সদস্য আব্দুল জব্বার, ইউপি সদস্য সাকের আহমদ, নারী ইউপি সদস্য কমরুন্নাহার, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, রামু উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক আজিজ, গর্জনিয়া যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ শহীদ, গর্জনিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮