চট্টগ্রাম প্রতিনিধি:
তরুণ সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় বাধ্যতামূলক করছি। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় তরুণরা ব্যস্ত থাকলে তাদের মধ্যে মাদকের নেশা ভর করতে পারবে না। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকার ভবিষ্যৎ প্রজন্মের তরুণ-যুবকদের চিন্তাভাবনা ও কর্মকে সুনজরে দেখেনি বলেই তারা মাদকের নেশায় মত্ত হয়ে পড়েছিল। সমাজকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নয়, সর্বস্তরের মানুষকে একতাবদ্ধ হয়ে তরুণ সমাজকে রক্ষা করতে হবে। তিনি মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান জানান।
বুধবার চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে 'মাদকমুক্ত সমাজ গঠনে করণীয়' শীর্ষক কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন। এর পাশাপাশি তিনি দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, তোমরাই আধুনিক, সুখী, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশের কারিগর। মেধা ও দেশপ্রেমের সমন্বয়ে আমাদের প্রিয় মাতৃভূমিকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি উপস্থিত সবাইকে ‘সবার আগে বাংলাদেশ’ এই মূলমন্ত্র হৃদয়ে ধারণ করার আহ্বান জানান।
এদিন প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন। অসহায় ব্যক্তিদের আর্থিক অনুদান এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার প্রদান করেন। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবী পরিবারের নারীদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮