দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
ত্রয়োদশ জাতীয় সংসদের ইউএনএফপির সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনাবিষয়ক সাবকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, মো. আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা অংশ নেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং কমিটির সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনিরাপদ গর্ভপাত প্রতিরোধ এবং মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসক নিয়োগ ও তাঁদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকিতে পড়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ দেয় কমিটি।
বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে প্রশাসনের মাধ্যমে চিঠি পাঠানো এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের সুপারিশ করা হয়।
এ ছাড়া অপ্রয়োজনীয় সিজারিয়ান অস্ত্রোপচার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএর সংশ্লিষ্ট প্রতিনিধি, ওজিএসবির সভাপতি এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮