
ফারহান ইসলাম, হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দিবসটির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে শনিবার বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। এদিন কোনো ধরনের পণ্য খালাস, লোড-আনলোড কিংবা কাস্টমস সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে না। তবে পরদিন রোববার থেকে পূর্বের নিয়ম অনুযায়ী যথারীতি সব কার্যক্রম পুনরায় শুরু হবে বলে তিনি নিশ্চিত করেন।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।

























