আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। থলঘাট ব্রিজের পশ্চিম পাশ থেকে শুরু হয়ে কুড়ালিয়া ঘাট পর্যন্ত বিস্তৃত এই সড়কটি প্রায় ৩০০ পরিবারের একমাত্র যাতায়াতের পথ হলেও বছরের পর বছর সংস্কারের অভাবে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় পরিণত হয়। ফলে পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং রোগী বহনকারী যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়াও অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে।
এ সড়ক দিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদরাসার শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। কাদা ও ভাঙাচোরা রাস্তার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে বলে জানান অভিভাবকরা।
এছাড়া এলাকার বহু নিম্নআয়ের মানুষ জীবিকার তাগিদে প্রতিদিন রিকশা নিয়ে মধুপুর শহরে যাতায়াত করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের আয়-রোজগারও ব্যাহত হচ্ছে। কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনেও দেখা দিয়েছে নানা প্রতিবন্ধকতা।
স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত সড়কটি সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়কটি টেকসইভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে অতি দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে, যাতে এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮