আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের মধুপুরে চাঁদপুর রাবার বাগান এলাকায় শট গান দিয়ে গুলির ভয় দেখিয়ে একটি দরিদ্র গারো পরিবারের বাড়িঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠে। এ সময় রাবার বাগানের আনসার সদস্যদের হাতে একজন গারো নারী হেনস্তার শিকার হন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করে। ঘটনা জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ানোর আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম মহোদয়ের পরামর্শক্রমে উপজেলা প্রশাসন হতদরিদ্র শিবলী মাংসাং পরিবারকে সরকারি সহায়তা হিসেবে ১৬টি ঢেউটিন ও ঘর মেরামতের জন্য নগদ অর্থ প্রদান করেন।
উল্লেখ্য গত ৯ মার্চ মধুপুরে চাঁদপুর রাবার বাগান এলাকায় শট গান দিয়ে গুলির ভয় দেখিয়ে একটি দরিদ্র গারো পরিবারের বাড়িঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠে। এ সময় রাবার বাগানের আনসার সদস্যদের হাতে একজন গারো নারী হেনস্তার শিকার হন।
জানা যায়, মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগানেরর কালাপাহাড় নামক স্থানে শিবলী মাংসাং নামক ভূমিহীন এক গারো মহিলা পাঁচ বছর আগে বাড়িঘর তুলে ১১ সন্তান নিয়ে বসবাস করছেন। ভাঙ্গাচোরা একটি ছোট ঘরে পরিবারের ১৩ সদস্য বাস করা কষ্টকর বিধায় তিন দিন আগে একটি দুই চালা ছাপড়া উঠান। খবর পেয়ে বন শিল্প উন্নয়ন সংস্থার ফিল্ড অফিসার বিজন কুমার সশস্ত্র আনসারসহ ২০/২৫ জন স্টাফ নিয়ে (সোমবার) বাড়িতে চড়াও হন। ছাপড়া ঘরের ছাউনী ও খুটি ভেঙ্গে ফেলেন। পরিবারের সদস্যদের গালিগালাজ ও ভয়ভীতি দেখান। বাড়ির সব ফলবান গাছ কেটে ফেলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাড়ির কর্ত্রী শিবলী মাংসাং বাধা দিতে গেলে আনসার সদস্যরা কাপড় ধরে টানাটানি করেন। এক আনসার তাকে গুলি করার জন্য শটগান তাক করেন। অন্যান্যরা সংযত হওয়ার ইঙ্গিত দিলে তিনি গুলি করা থেকে বিরত থাকেন। এ সময় শিবলী মাংসাংকে বাচ্চাসহ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
শিবলীর স্বামী রুমেন খুবি জানান, চাঁদপুর রাবার বাগানের বহু জমি প্রভাবশালীরা জবরদখলে নিয়ে আনারস ও কলা আবাদ করেছেন। বাড়িঘর তুলেছেন। বাগান কর্তৃপক্ষ তাদেরকে উচ্ছেদ করেননি। কিন্তু তার মতো একটি অসহায় পরিবারের ঘর দরজা ভেঙ্গে গুলির ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করছেন। তিনি এর প্রতিকার দাবি করেন। চাঁদপুর রাবার বাগানের আনসার ক্যাম্পের সদস্যরা জানান, উত্তেজনার মুহুর্তে কিছুটা ভুলভ্রান্তি হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য শট গান তাক করা হয়েছিল। চাঁদপুর রাবার বাগানের ম্যানেজার আমান উল্লাহ আমান জানান, বাগানের জমিতে নতুন করে ঘর তুলতে বাধা দেয়া হয়। তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করার কোন চেষ্টা ছিলনা। বনশিল্প উন্নয়ন সংস্থা মধুপুর জোনের মহাব্যবস্থাপক ইসমাইল হোসেন জানান, এটি দুঃখজনক ঘটনা। দরিদ্র পরিবারের সাথে এমন আচরণ ঠিক হয়নি। আনসার সদস্যরা বাড়াবাড়ি করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গারো পরিবারটি যাতে ওই বাড়িতে থাকতে পারেন সেই সহযোগিতা করা হবে। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন ও মধুপুর থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের হোসেন জানান, ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারটিকে পুনর্বাসন করা হবে। বেপরোয়া আচরনের জন্য বাগানের আনসার টিমকে বদলীর সুপারিশ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮