আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বাগবাড়ী মোড় থেকে চাপড়িহাট পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। প্রায় এক বছর আগে সড়কটিতে ইটের খোয়া ফেলা হলেও এরপর আর কোনো সংস্কারকাজ না হওয়ায় সড়কটি এখন এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটিতে ইটের খোয়া ফেলে কাজ বন্ধ রাখায় যানবাহন চলাচলের সময় এবং বাতাসে চারদিকে লাল ধুলাবালি ছড়িয়ে পড়ছে। এতে সড়কের দুই পাশের বাড়িঘরে ধুলাবালি প্রবেশ করে ঘরের আসবাবপত্র, খাবার ও কাপড়চোপড় পর্যন্ত লালচে হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ধুলাবালির কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট ও ধুলাবালিজনিত নানা স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনের চালকদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের মতে, জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কটির অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। দীর্ঘদিন ধরে এ অবস্থার অবসান না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
তাই বাগবাড়ী মোড় থেকে চাপড়িহাট পর্যন্ত সড়কটির নির্মাণ বা সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত চলাচলকারী পথচারীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮