আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলা, মহিলা কর্মীদের লাঞ্ছিত করাসহ ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী রোববার (৮ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার জনপ্রিয়তায় ভীত হয়ে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হচ্ছে বিএনপির সহযোগি সংগঠনের বিভিন্ন অঞ্চলের কর্মীরা। মধুপুরের কুড়াগাছা, আউশনারা, গোলাবাড়ী, মহিষমারা, আলোকদিয়া ও অরণখোলায় ইতোমধ্যেই একাধিক স্থানে দাঁড়িপাল্লার কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে। ভয়ভীতি দেখানো হয়েছে। ব্যানার, ফ্যাস্টুন খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এমন পরস্থিতি চলতে থাকলে প্রতিপক্ষের পরিণাম ভালো হবেনা। মানুষ এখন সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করেনা। এলাকার জনগণ তার সমুচিত জবাব দেবে। তিনি আরও বলেন, প্রশাসন একদিকে হেলে পড়েছে। হেলে যাওয়া অবস্থা থেকে ফিরে এসে লেভেল প্লেইন ফিল্ড তৈরি করে সুন্দর নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান ডা. মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসনী মোবারক বাবুল, জেলা কর্মপরিষদ সদস্য মো. বোরহানুল ইসলাম, মধুপুর উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুল কাদির, সাধারণ সম্পাদক রেজওয়ানুল্লাহ খান, কর্মপরিষদ সদস্য মানছুরুর রহমানসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮