আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের মধুপুরে হাবিবুর রহমান ওরফে হাবুর বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি এবং প্রতিবাদকারীদের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের দক্ষিণ মহিষমারা গারো এলাকায় মধুপুর-গারোবাজার সড়কে স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েক শত নারী পুরুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মামলার ভুক্তভোগী রহিম বাদশা, হাবিবুর রহমান হাবুর স্ত্রী তাসলিমা আক্তার, মোনতাজ, সাইদসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাবিবুর রহমান ওরফে হাবুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় মাদক কারবারের বিস্তার ঘটানোর পাশাপাশি তার কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে সাধারণ মানুষকে বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে। এতে প্রতিবাদ করতে গিয়ে অনেক নিরীহ মানুষ আইনি জটিলতা ও নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, মাদকবিরোধী অবস্থান নেওয়া এবং অন্যায়ের প্রতিবাদ করায় সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
মানববন্ধন থেকে অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং হাবিবুর রহমান ওরফে হাবুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮