মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলা জেলা প্রতিনিধি,
ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী কমিটি গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি, সদস্যদের বৈধতা যাচাই এবং সংগঠনের গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—এমন প্রশ্ন তুলে সদ্য গঠিত কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আলম চৌধুরী।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া পদত্যাগপত্রে তিনি এসব বিষয়ে আপত্তি ও উদ্বেগের কথা তুলে ধরেন। সম্প্রতি গঠিত কার্যকরী কমিটিতে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।
পদত্যাগপত্রে মুনতাসির আলম চৌধুরী বলেন, একটি সংগঠনের কার্যকরী কমিটি কীভাবে, কোন সভার সিদ্ধান্তের ভিত্তিতে এবং কার অনুমোদনে গঠিত হয়েছে—তা সদস্যদের কাছে স্পষ্ট ও স্বচ্ছ থাকা প্রয়োজন। একই সঙ্গে কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যদের সদস্যপদের বৈধতা, বাস-মিনিবাসের মালিকানা, রেজিস্ট্রেশনসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করা জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, নতুন কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত কয়েকজনের বাস-মিনিবাস মালিকানা ও সদস্যপদের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এসব বিষয় যথাযথভাবে যাচাই-বাছাই না করে কমিটি অনুমোদন করা হলে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে জটিলতা সৃষ্টি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
পদত্যাগপত্রে তিনি কার্যকরী কমিটি গঠনের পূর্ণাঙ্গ প্রক্রিয়া, সংশ্লিষ্ট সভার কার্যবিবরণী, সদস্যদের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করার দাবি জানান। পাশাপাশি সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্বাচন বা মনোনয়নের প্রক্রিয়া সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, সেটিও যাচাইয়ের আহ্বান জানান।
মুনতাসির আলম চৌধুরী স্পষ্ট করে বলেন, তাঁর আপত্তি কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়; বরং সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈধতা ও সদস্যদের আস্থা নিশ্চিত করার স্বার্থেই তিনি এসব প্রশ্ন তুলেছেন।
তিনি আরও বলেন, উত্থাপিত বিষয়গুলো নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সংগঠনের প্রতি সদস্যদের আস্থা আরও সুদৃঢ় হবে। এ অবস্থায় তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে তাঁর পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানান।
এদিকে, মুনতাসির আলম চৌধুরীর উত্থাপিত অভিযোগ ও পদত্যাগের বিষয়ে ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮