সৌমিক হাসান সিহাত, দুর্গাপুর, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীদের তালিকায় তার নাম ৬ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয়।
এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে তাকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ফোনে জানানো হয়। বিষয়টি দুপুরে নিজেই নিশ্চিত করেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আলহামদুলিল্লাহ, সকালে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থীর তুলনায় ৭০ হাজার ৯০৫ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।
নির্বাচনের পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাকে মন্ত্রিসভায় দেখার প্রত্যাশা ছিল। প্রতিমন্ত্রী হওয়ার খবরে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানে তার সাফল্য ও দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, তার এই দায়িত্বপ্রাপ্তি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮