মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ),
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকায় হকার উচ্ছেদের এক মাসের মধ্যেই পাল্টে গেছে সড়কের চিরচেনা চিত্র। আগে চার লেনের সড়কের তিন লেন ও ফুটপাত দখল করে বসত কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকান। এখন সড়ক ও ফুটপাত অনেকটাই দখলমুক্ত। বিকল্প স্থানে পুনর্বাসিত হওয়ায় ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে স্বস্তি ফিরেছে পথচারী, যাত্রী ও পরিবহনশ্রমিকদের মধ্যে।
ফুটপাত ও সড়ক থেকে হকার উচ্ছেদের পর ভুলতা-গাউছিয়া, রূপসী, মুড়াপাড়া ও কাঞ্চন এলাকার চিত্রেও পরিবর্তন এসেছে। হকারদের জন্য ভুলতা-গাউছিয়া মার্কেটের পশ্চিম পাশে বালুর মাঠে বিকল্প জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে দোকান সাজিয়ে ব্যবসা করছেন ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফলে একদিকে মহাসড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা কমেছে, অন্যদিকে ব্যবসায়ীরাও জীবিকা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কের পাশে ট্যাক্সি, লেগুনা, সিএনজি, রিকশা ও অটোরিকশা চলাচল করছে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনার স্তূপও চোখে পড়েনি। প্রায় দুই বছর ধরে গোলাকান্দাইলের মজিদ প্লাজা থেকে ভুলতার রেদোয়ান টাওয়ার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের ফুটপাত ও মূল সড়ক দখল করে গড়ে উঠেছিল অবৈধ দোকানপাট। এতে পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে হতো, সৃষ্টি হতো তীব্র যানজট।
গত ১৩ অক্টোবর ভুলতা-গাউছিয়াসহ আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা ও হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে দীর্ঘদিন ধরে দখলে থাকা সড়ক ও ফুটপাত দখলমুক্ত হয়। ভুলতা ইউনিয়নের যুবদলকর্মী ও প্রশাসনের লোকজনের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভুলতা ফ্লাইওভারের সাওঘাট, ঢাকা বাইপাস সড়ক, রূপসী, মুড়াপাড়া ও কাঞ্চনসহ গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশ থেকে সাত শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের যানজট কমেছে এবং পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে।
আগে উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরপরই আবারও সড়ক ও ফুটপাত দখল করে বসত বাজার। বছরের পর বছর চলেছে উচ্ছেদ ও পুনর্দখলের এই চক্র। এবার শুধু উচ্ছেদ নয়, হকারদের জন্য বিকল্প জায়গা নির্ধারণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। মহাসড়কের দখলমুক্ত অংশে এখন যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, মহাসড়ক থেকে হকারদের উচ্ছেদ করে পুনর্বাসন করা হয়েছে। এখন কোনো পক্ষ যাতে আবার মহাসড়ক দখল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, মহাসড়কের যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সড়ক থেকে হকারদের সরিয়ে পাশের বালুর মাঠে পুনর্বাসন করা হয়েছে। ভবিষ্যতে কাউকে মহাসড়ক দখল করতে দেওয়া হবে না।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, হকারদের ব্যবসার জন্য ভুলতা-গাউছিয়া মার্কেটের পশ্চিম পাশের বালুর মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিনা ভাড়ায় দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮