সরওয়ার কামাল কক্সবাজার।।
বড় মহেশখালীতে স্কুল থেকে বাসায় ফেরার পথে পুকুরে গোসল করতে নেমে রাওয়াহিনুল রাজ রাহী (৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ আগস্ট) দুপুর ১টায় উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
রাহী ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। তার বাবার নাম আনোয়ারুল মুবিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে ফেরার পথে সহপাঠীদের নিয়ে আঞ্জুবরো পুকুরে গোসল করতে যায়। পুকুর পাড়ে ব্যাগ রেখে পুকুরে ঝাঁপ দেয়। তখন সাতার না জানায় পুকুর থেকে আর উঠতে পারেনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের চাচা আনোয়ারুল মতিন জানান, প্রতিদিনের মতো সকালে রাহি স্কুলে যায়। স্কুল শেষ করে প্রতিদিন বাড়ি ফিরলেও আজকে ফিরেনি। সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।
পশ্চিম ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কান্তি বলেন, সকালে ক্লাস করেছে আমার ছাত্র রাহি। সে খুব মেধাবী ছিল। হঠাৎ শুনলাম সে পানিতে পড়ে মারা গেছে৷ শুনেই হাসপাতালে ছুটে এসেছি৷
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮