প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ১০:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৬, ৭:৫৬ পি.এম
বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার

মোঃ আল আমিন মল্লিক
স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হলেও কিছু এলাকায় তা রক্ষণাবেক্ষণের অভাবে কিংবা দখলদারদের কবলে পড়ে জনসাধারণের ব্যবহারের বাইরে চলে যাচ্ছে। বরগুনার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের মেয়ার হাট বাজারে এমনই একটি ঘটনার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত একটি আধুনিক গণশৌচাগার স্থানীয় নিলা নামে এক ব্যক্তি দখল করে সেখানে ছাগল রাখার ঘর হিসেবে ব্যবহার করছিলেন। ফলে বাজারে আগত ব্যবসায়ী ও ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন এলাকায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করেছে। এসব টয়লেটে নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কক্ষ, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধা, বিশুদ্ধ পানীয় জল, টিস্যু, হ্যান্ডওয়াশ ও গোসলের ব্যবস্থা রয়েছে। পরিচ্ছন্নতা রক্ষায় নিয়োজিত থাকেন কর্মীও। কিন্তু মেয়ার হাট বাজারের টয়লেটটি দখল হওয়ায় এসব সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছিলেন সাধারণ মানুষ।
বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, “টয়লেটটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী ছিল। কিন্তু দখল হয়ে যাওয়ার পর থেকে আমরা ব্যবহার করতে পারিনি। ভয়ের কারণে কেউ কিছু বলতে পারিনি।”
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জমি দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মেয়ার হাট বাজারে অভিযান চালান। অভিযানে গণশৌচাগারটি দখলমুক্ত করা হয় এবং পুনরায় জনগণের ব্যবহারের উপযোগী করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, “সরকারি সম্পত্তি দখল করে কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। জমি দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের আশা, প্রশাসনের এই উদ্যোগে বাজারের শৃঙ্খলা ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে আর কেউ সরকারি সম্পত্তি দখলের সাহস দেখাবে না।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২