চঞ্চল,
ভারত থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করে আসা ৯ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৩ আগস্ট) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৩৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা এই পরিবারটিকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠালে, বিজিবি তাদের আটক করে। বর্ডার গার্ড বাংলাদেশের একটি টহল দল মাছিরবাড়ি এলাকায় তাদের দেখতে পায়। এরপরই আইনি পদক্ষেপের জন্য তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়।
আটককৃত এই ৯ জনই নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মো. মোশারফ হোসেন (৫০), তার স্ত্রী পারভিন বেগম (৪০), এবং তাদের তিন ছেলে মো. রাব্বি (২৬), মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), ও মো. সজিব আলী (১৬)। পরিবারের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মোশারফের মা কোহিনুর নেছা (৭০) এবং রাব্বির স্ত্রী মোছা. বর্ষা (২২) ও তাদের তিন বছরের কন্যা মোছা. জয়া (৩)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করে জানিয়েছেন, "হেফাজতে থাকা বাংলাদেশিদের পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে। সেই প্রক্রিয়া শেষ হলে তাদেরকে আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮