নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামুতে ব্যাটারিচালিত অটোরিকশার পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘীর রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘী আদর্শগ্রামের তৈয়ব উল্লাহ, বান্দরবানের জেলার আলীকদম সদর ইউনিয়নের দক্ষিণ পূর্বপালং পাড়ার শাহিনা আক্তার এবং রামুর খুনিয়াপালং ইউনিয়নের মৌলভীবাজার আশ্রয়ণ প্রকল্প এলাকার উম্মে হাবিবা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত নম্বরবিহীন অটোরিকশাটির পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল ২০ হাজার পিস ইয়াবা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রামু থানার অফিসার ইনচার্জ ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রামু থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮