এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নগর উন্নয়ন ও সেবামূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বিশ্বব্যাংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নাসিক কার্যালয় পরিদর্শন করেছে।সোমবার (৫ অক্টোবর) নগর ভবনের কনফারেন্স রুমে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাসিক প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরা হয়। বিশ্বব্যাংকের প্রতিনিধি দল প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নারায়ণগঞ্জকে টেকসই, পরিবেশবান্ধব ও আধুনিক স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আর্থিক ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
নাসিক প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম প্রধান শিল্পনগরী। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলে আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করাই নাসিকের মূল লক্ষ্য। বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান প্রকল্পগুলো বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভা শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল নাসিকের আওতাধীন কয়েকটি চলমান প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮