স্পোর্টস ডেস্ক,
রাশিয়া বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য বেঞ্জামিন মেন্দি নিজের কাছে থাকা ফিফা বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল প্রতিকৃতি বিক্রি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।
বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের দেওয়া এই বিশেষ স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান ‘গোল্ডিন’-এর ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট টু’-তে ট্রফিটির প্রতিকৃতি বিক্রির জন্য তোলেন মেন্দি।
নিলামে স্মারকটি বিক্রি হয়েছে ৬২ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকার সমান।
বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ একটি স্মারক বিক্রি করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন ফরাসি এই ডিফেন্ডার।
তবে সমালোচনায় বিচলিত নন মেন্দি।
স্ন্যাপচ্যাটে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ট্রফিটি তার ব্যক্তিগত সম্পত্তি। তাই এটি নিজের কাছে রাখবেন নাকি বিক্রি করবেন—সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও একান্তই তার।
সমালোচকদের উদ্দেশে মেন্দি জানান, তার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে অন্য কারও মন্তব্য করার সুযোগ নেই।
পরে কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, ট্রফিটি এতদিন আলমারিতে অযথাই জায়গা দখল করে ছিল। তাই সেটি বিক্রি করে দেওয়ায় তিনি কোনো সমস্যাই দেখছেন না।
বিশ্বকাপজয়ী স্মারক বিক্রির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চললেও, নিজের অবস্থানে অনড় রয়েছেন ফ্রান্সের এই ফুটবলার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮