শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মহর খার কান্দি গ্রামে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বসত ঘরে বোমা হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বিলাসপুরের মহর খার কান্দি সাকিমালি মুসল্লির বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী সাবিনা আক্তারের অভিযোগ, পূর্ব বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ইউপি সদস্য জামাল খার নেতৃত্বে তার ছেলেরা ও একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে প্রথমে দেশীয় ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঘরের বেড়া উড়িয়ে দেয়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরপর হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে ঘরের ভেতরে ঢুকে আসবাবপত্রে এলোপাতাড়ি কুপিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ঘরের দরজা, জানালা, খাট, ফ্রিজ, আলমারি সহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের সদস্যরা প্রাণভয়ে ঘর ছেড়ে বাইরে পালিয়ে গিয়ে আশপাশের বাড়িতে আশ্রয় নেন।
স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে তারা ঘর থেকে বের হয়ে এসে ঘটনাস্থলের দিকে ছুটে যান। তবে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী সাকিমালি মুসল্লি বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই আমার বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমি এর সঠিক বিচার চাই এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় আবারও সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য জামাল খার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে তার মায়ের সাথে কথা হলে তিনি জানান, আমার নাতীকে অরা গতকাল মেরেছে। আমার পোলারা অহন বাড়িতে নাই। কই আছে জানিনা।
এ বিষয়ে জাজিরা থানার ওসি সালেহ আহমদ জানিয়েছেন , অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮