দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন—আইপিইউর মহাসচিব আন্দা ফিলিপ।
সোমবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী করা এবং জাতীয় সংসদকে কার্যকর আলোচনা ও সংলাপের কেন্দ্রে পরিণত করার বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় বিরোধীদলীয় নেতা সংসদে সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে দুই পক্ষের মধ্যে নিয়মিত আলোচনা ও সংলাপ চালু রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় আইপিইউর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন সংস্থাটির মহাসচিব আন্দা ফিলিপ।
বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে আহত চারজনও বিশেষ অতিথি হিসেবে বৈঠকে অংশ নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮