চঞ্চল,
লালমনিরহাট সদর উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি মোঃ গোলাপ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১৩। গতকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে লালমনিরহাট শহরের নর্থ বেঙ্গল মোড়স্থ দারুস ইহসান প্রি-ক্যাডেট একাডেমির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩, রংপুর-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাব অপরাধীদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনায় র্যাব অত্যন্ত কঠোর। সেই ধারাবাহিকতায় চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গত ২০ ফেব্রুয়ারি বিকেলে অভিযুক্ত গোলাপ মিয়া তাঁর প্রতিবেশী ওই ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করলেও গোলাপ এলাকা ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই গোলাপ মিয়া অত্যন্ত চতুরতার সাথে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
আসামি গ্রেফতারে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টা ৫০ মিনিটে শহরের নর্থ বেঙ্গল মোড় এলাকায় অবস্থান নেয়। পরে পাকা রাস্তার উপর থেকে ধর্ষণ মামলার মূল হোতা গোলাপ মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাপ সদর উপজেলার পশ্চিম আমবাড়ি গ্রামের জোনাব আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের সামাজিক অপরাধ দমনে র্যাবের অভিযান নিয়মিত চলমান থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮